১২ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সিলেটে বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে রড দিয়ে মাথায় আঘাত, নগদ টাকা-স্বর্ণ লুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ন


সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন হাজরাই বাইপাস মোড় এলাকায় এক অটোমোবাইল পার্টস ও বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে জখম করার পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানায় দায়ের করা এক অভিযোগে জানানো হয়েছে।


অভিযোগে বাদী হয়েছেন বিশ্বনাথ উপজেলার লালটেক এলাকার বাসিন্দা আনোয়ার হোসাইন (৩৭)। তিনি দক্ষিণ সুরমার লাউয়াই বঙ্গবীর রোড এলাকায় ‘মেসার্স সোয়েব অটো ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক এবং একই সঙ্গে বিকাশ এজেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত।


অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বাসা থেকে মোটরসাইকেলযোগে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার পথে হাজরাই বাইপাস মোড় এলাকায় তাকে পথরোধ করে একটি সিএনজিচালিত অটোরিকশা। অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায় বলে অভিযোগে দাবি করা হয়েছে। এ সময় মোটরসাইকেল থেকে নামিয়ে টানাহেঁচড়া করে তাকে মারধর শুরু করা হয়।


অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের একজন সিএনজি থেকে লোহার রড নিয়ে এসে ভুক্তভোগীর মাথায় সজোরে আঘাত করে। আত্মরক্ষার চেষ্টায় বাম হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে মাথার পাশাপাশি হাতেও গুরুতর জখম হন তিনি। এরপর অন্য অভিযুক্তরা তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকে।


মারধরের এক পর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীর পকেটে থাকা বিকাশের নগদ ২ লাখ ১০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া তার হাতে থাকা আনুমানিক আট আনা ওজনের একটি স্বর্ণের ব্রেসলেট, যার আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা, তাও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


অভিযোগে অভিযুক্ত হিসেবে বিশ্বনাথ উপজেলার লালটেক এলাকার বাসিন্দা রুপম (৩৮) ও ফজলু মিয়ার (৩৯) নাম উল্লেখ করা হয়েছে, যাদের বিরুদ্ধে সিলেট-থ-১২-৩৪-৩৬ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে পথরোধ করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগে।


এসময় আনোয়ার হোসাইনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বিকাশ এজেন্ট ব্যবসায়ী, রড দিয়ে আঘাত, নগদ টাকা লুট, স্বর্ণ লুট, দক্ষিণ সুরমা, ছিনতাই

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ