সিসিক প্রশাসকের সঙ্গে এসএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন
সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। নগর ভবনে সিসিক প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা এবং সিটি করপোরেশনের সহযোগিতার বিষয়টি উঠে আসে।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশন ও পুলিশের মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন। বিশেষ করে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর অনুরোধ জানান। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, এসএমপির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মঈনুল জাকির উপস্থিত ছিলেন।
সিলেট, সিলেট সিটি করপোরেশন, সিসিক, এসএমপি, সিলেট মেট্রোপলিটন পুলিশ, এসএমপি কমিশনার, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, আইনশৃঙ্খলা, সিলেট নগর