ফিরে দেখা জুলাই অভ্যুত্থান
১ আগস্ট: পুলিশি বাধা উপেক্ষা করে সিলেটে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন
সংগ্রাম-স্বাধীনতা
প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ৩:৩২ অপরাহ্ন
কোটা সংস্কারের দাবিতে জুলাই মাসের শুরুতে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-নিপীড়নে তা রূপ নেয় এক রক্তক্ষয়ী সংগ্রামে বাংলাদেশের ইতিহাসে যুক্ত হয় এক নতুন কালো অধ্যায়। তাই ক্যালেন্ডারের হিসাবে জুলাই শেষ হয়ে ১ আগস্ট শুরু হলেও স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এই নতুন অধ্যায়ে দিনটি রয়ে গেছে ৩২ জুলাই নামেই।
৩১ জুলাই ❝মার্চ ফর জাস্টিস❞ কর্মসূচি শেষ হওয়ার পর সন্ধ্যায় পরদিনের জন্য ❝রিমেম্বারিং আওয়ার হিরোজ❞ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই রাতেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও এর আশপাশের এলাকায় পুলিশের ব্লকরেইড অব্যাহত থাকে। এ সময় নেহারীপাড়া এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক জালালাবাদ থানায় গিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন।
১ আগস্ট বিকেল ৩টার আগে থেকেই ❝রিমেম্বারিং আওয়ার হিরোজ❞ কর্মসূচি পালনের জন্য শাবিপ্রবির প্রধান ফটকে সমবেত হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় এবং একজন শিক্ষার্থীকে আটক করে।
তবে পুলিশি বাধা উপেক্ষা করে বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন তপোবন থেকে সুরমা আবাসিক এলাকা পর্যন্ত প্রধান সড়কে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে শুধু শাবিপ্রবি নয়, বীরদের স্মরণে যোগ দেন সিলেটের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত চলে এই মানববন্ধন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির অন্যতম সমন্বয়ক ফয়সল হোসেন বলেন, ❝আমার পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের গেটে করতে গেলে পুলিশ আমাদের লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। তবে আমরা সুরমা আবাসিক এলাকায় প্রতিরোধ গড়ে তুলে আমাদের কর্মসূচি পালন করেছি।❞
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান নেন শিক্ষকদের একাংশও।
এদিন বিকেলে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসী সত্তা হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
সিলেট, জুলাই অভ্যুত্থান, কোটা আন্দোলন, শিক্ষার্থী
ফিরে দেখা জুলাই অভ্যুত্থান

ফিরে দেখা জুলাই অভ্যুত্থান
