সওজের আওতাধীন সিলেট নগরীর সব সড়ক দ্রুত সংস্কার করা হবে: শিল্পমন্ত্রী মুক্তাদির
সিলেটজুড়ে
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন
ভাঙাচোরা সড়ক, খানাখন্দ আর যানজটে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সিলেট নগরবাসীকে। বিশেষ করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে নগরবাসীর মধ্যে। এমন পরিস্থিতিতে এসব সড়ক দ্রুত সংস্কারের ঘোষণা দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেছেন, সিলেট নগরের সওজের আওতাধীন সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে ‘এ’ গ্রেডে উন্নীত করা হবে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই জরাজীর্ণ সড়কগুলোর সংস্কারকাজ শুরু হবে।
গতকাল শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও সওজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের চলমান উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে নতুন কয়েকটি সড়ক নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। নগরের ভেতরে সওজের আওতাধীন যেসব সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রী জানান, বর্ষা শেষ হওয়ার পর পূর্ণমাত্রায় উন্নয়নকাজ শুরু হবে। এ সময় সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেওয়া হবে। পাশাপাশি আম্বরখানা এলাকার যানজট কমাতে লাক্কাতুরা থেকে টিবিগেট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। সাহেবের বাজার হয়ে খাদিম-কালাগুল সড়কও সংস্কার করা হবে।
বৈঠকে উপস্থিত সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সওজের আওতাধীন সড়কগুলোর বেহাল অবস্থার কারণে নগরবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। এই সমস্যা সমাধানে মন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, মন্ত্রী সিটি করপোরেশন এলাকার সওজের আওতাধীন সব গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন। সওজের কর্মকর্তারাও দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। এ কাজে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
সিসিক প্রশাসক আরও বলেন, ইতিমধ্যে নগরের অনেক সড়ক নির্মাণ, প্রশস্তকরণ ও সংস্কার করা হয়েছে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে এসব প্রকল্পের বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সড়ক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সওজ ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সওজ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু সাঈদ মো. নাজমুল হুদা, সিলেট সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীরা এবং সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট, সিলেট সড়ক, সওজ, সড়ক সংস্কার, খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন