আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
বিশ্বজুড়ে
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন
ডাক্তারি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে টানা এক মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিরোধী দলগুলোর দীর্ঘদিনের দাবির পর তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ধর্মেন্দ্র প্রধান।
পোস্টে তিনি লেখেন, দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে দিল্লির যন্তর মন্তরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা যেন দেশবিরোধী শক্তির সুযোগে পরিণত না হয়, দেশের ঐক্য যেন অটুট থাকে এবং কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় ক্ষতিগ্রস্ত না হয় এসব বিষয় বিবেচনা করেই তিনি প্রধানমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সেটিই তার প্রত্যাশা।
সম্প্রতি ভারতের ডাক্তারি ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহরে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে এবং পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়েছে।
এ ঘটনার জেরে কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলো শুরু থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছিল। তাদের অভিযোগ ছিল, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম ও নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে।
টানা আন্দোলন, রাজনৈতিক চাপ এবং প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বাড়তে থাকা বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন ধর্মেন্দ্র প্রধান।
ধর্মেন্দ্র প্রধান, ভারতের শিক্ষামন্ত্রী, পদত্যাগ, NEET প্রশ্নফাঁস, ডাক্তারি ভর্তি পরীক্ষা, ভারত, শিক্ষার্থী আন্দোলন, কংগ্রেস, এক্স, ভারতীয় রাজনীতি, শিক্ষা মন্ত্রণালয়, প্রশ্নপত্র ফাঁস