২৫ জুলাই ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারও থাকবে না: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৬ ৪:০০ অপরাহ্ন


গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। 

শনিবার (২৫ জুলাই) গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে রাজশাহী থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশ কর্মসূচির সমাপনী আয়োজন ছিল এটি।

সমাবেশে বক্তব্যের শুরুতে বর্তমান সরকারের সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, ক্ষমতায় আসার পর পাঁচ মাস পার হলেও সিলেট অঞ্চল অবহেলিত রয়ে গেছে। তিনি বলেন, প্রথম পাঁচ মাসে যারা কার্যক্রম দেখাতে পারে না, তারা আগামী পাঁচ বছরেও দেখাতে পারবে না।

ভারত থেকে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জাগপা নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, যদি ডিসেম্বর মাসে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আসতে চায়, তাকে আবার বাধা দিয়েন না, তাকে সাদরে বরণ করে নিয়েন।

তিনি দাবি করেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডাররা একত্রিত হয়ে জনতার আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার জন্য প্রস্তুত আছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ প্রধান দাবি করেন, শেখ হাসিনা নিজেই ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন। একই সঙ্গে তিনি ভারতের সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া ও টিপাইমুখ বাঁধ প্রসঙ্গ তুলে ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কথা জানান।

সংবিধান সংস্কার প্রশ্নে সরকারের সমালোচনা করে জাগপা নেতা বলেন, বর্তমান সরকার সংবিধান সংস্কার না করে সংশোধন করতে চাইছে, যা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে এর কোনো বিকল্প নেই।

আগামী দিনে ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন রাশেদ প্রধান। তিনি বলেন, মহাসমাবেশের আগে যদি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে বিপ্লব অনিবার্য।

সবচেয়ে কড়া হুঁশিয়ারিতে তিনি বলেন, ’ঢাকা মহাসমাবেশ থেকে যদি আমরা দেখি জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয়নি, তাহলে এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। যদি তা না হয়, তাহলে ওই বিএনপি সরকার, গাদ্দার সরকারও থাকবে না।’


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

রাজনীতি, জামায়াতে ইসলামী, বিভাগীয় সমাবেশ, সরকার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ