সিলেটে লাইসেন্সবিহীন হাসপাতাল সিলগালা ও জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ জুলাই, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ন
সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকায় বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালিয়ে আসা একটি বেসরকারি হাসপাতালকে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানাও করা হয়েছে।
গতকাল রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনের নেতৃত্বে `ডিএমটি সেফওয়ে হাসপাতাল' নামের ওই প্রতিষ্ঠানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তদন্তে বৈধ লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনার প্রমাণ পাওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ধারা ৮ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। একই অধ্যাদেশের ধারা ১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানার পাশাপাশি বৈধ লাইসেন্স না থাকায় হাসপাতালটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা লিখিত নোটিশে বলা হয়েছে, পরবর্তী কোনো নোটিশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং এই সময়ের মধ্যে সেখানে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না।
জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনের স্বাক্ষরে জারি করা নোটিশটি হাসপাতালের প্রবেশপথে সেঁটে দেওয়া হয়। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, "আদেশক্রমে" প্রতিষ্ঠানটি বন্ধ ও সিলগালার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও চিকিৎসাসেবার মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট, হাসপাতাল, সিলগালা, জরিমানা, জেলা প্রশাসন