১৬ জুলাই ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

ইউএনওবিহীন মধ্যনগর, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

প্রতিনিধি, মধ্যনগর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৬ ২:৫০ অপরাহ্ন


টানা চারমাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাড়াই চলছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা। গুরুত্বপূর্ণ এই পদে নিয়মিত কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ফলে চার ইউনিয়নের লক্ষাধিক মানুষকে নাগরিক সনদ থেকে শুরু করে বিভিন্ন সরকারি সেবা নিতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ তৎকালীন ইউএনও উজ্জ্বল রায়ের বদলির পর থেকে পদটি শূন্য রয়েছে। এরপর পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ অতিরিক্ত দায়িত্ব হিসেবে মধ্যনগরের ইউএনওর দায়িত্ব পালন করছেন। তবে একই সঙ্গে দুটি উপজেলার দায়িত্ব সামলাতে গিয়ে প্রয়োজন অনুযায়ী মধ্যনগরে সময় দিতে পারছেন না তিনি।


২০২১ সালে মধ্যনগরকে উপজেলা ঘোষণা করা হলেও এখনো সেখানে পৃথক সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় গড়ে ওঠেনি। ফলে ভূমি-সংক্রান্ত সব সেবার জন্য ধর্মপাশার ওপর নির্ভর করতে হয়। একই কর্মকর্তা ধর্মপাশার এসিল্যান্ড এবং মধ্যনগরের ভারপ্রাপ্ত ইউএনও হওয়ায় দুই উপজেলার প্রশাসনিক কার্যক্রমে চাপ বেড়েছে। এর প্রভাব পড়ছে ফাইল নিষ্পত্তি, শুনানি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং দৈনন্দিন জনসেবায়।


স্থানীয়দের অভিযোগ, নাগরিক সনদ, বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র, উন্নয়ন প্রকল্পের অনুমোদন, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং ভূমি-সংক্রান্ত সমন্বয়সহ প্রায় সব প্রশাসনিক কাজেই বিলম্ব হচ্ছে। অনেক সেবাপ্রার্থীকে একাধিকবার উপজেলা পরিষদে এসে ফিরে যেতে হচ্ছে।


চাপাইতি গ্রামের বাসিন্দা মানোয়ার হোসেন বলেন, ‘মধ্যনগর হাওরবেষ্টিত উপজেলা। দূর-দূরান্তের গ্রাম থেকে উপজেলা সদরে আসতে পুরো একটি দিন লেগে যায়। কিন্তু ইউএনও না থাকায় অনেক সময় প্রয়োজনীয় কাজ না করেই ফিরে যেতে হয়। এতে সময়ের পাশাপাশি অর্থও নষ্ট হচ্ছে।‘


স্থানীয় শিক্ষক আমিনুল হক বলেন, ‘একটি উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা দীর্ঘদিন না থাকলে উন্নয়ন কর্মকাণ্ডের গতি স্বাভাবিকভাবেই কমে যায়। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় এবং সরকারি প্রকল্প বাস্তবায়নও বাধাগ্রস্ত হয়।‘


চামরদানী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. চম্পা আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে ইউএনওর পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজে দ্রুত সিদ্ধান্ত পাওয়া যায় না। একজন পূর্ণকালীন ইউএনও থাকলে সাধারণ মানুষকে এত দুর্ভোগে পড়তে হতো না।‘


এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘মধ্যনগরে নতুন ইউএনও পদায়নের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিলেট বিভাগে নতুন কর্মকর্তা যোগদান করলেই সেখানে নিয়মিত ইউএনও দেওয়া হবে বলে বিভাগীয় কমিশনার আশ্বস্ত করেছেন।‘


সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান জানান, মধ্যনগরে ইউএনও পদায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই উপজেলাটিতে একজন নিয়মিত ইউএনও দায়িত্ব গ্রহণ করবেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মধ্যনগর ইউএনও, মধ্যনগর উপজেলা, সুনামগঞ্জ, ইউএনও পদ শূন্য, উপজেলা প্রশাসন, সরকারি সেবা, নাগরিক সনদ, প্রশাসনিক সংকট, সুনামগঞ্জ খবর, মধ্যনগর সংবাদ, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ