০৫ জুলাই ২০২৬

দৈনন্দিন

সিলেটে আসতে গিয়ে এয়ারপোর্ট থেকেই ফিরে গেলেন নতুন ডিসি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৪ জুলাই, ২০২৬ ১:৩৪ অপরাহ্ন

ছবিঃ মু. রেজা হাসান

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নিতে এসে শেষ মুহূর্তে ঢাকার বিমানবন্দর থেকেই ফিরে যেতে হয়েছে মু. রেজা হাসানকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শেষ মুহূর্তের নির্দেশে তার সিলেটে যোগদান স্থগিত হওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন জারি করা এক প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে বুধবার দুপুরের ফ্লাইটে মু. রেজা হাসানের সিলেটে পৌঁছানোর কথা ছিল। বিষয়টি আগে থেকেই সিলেট জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। নতুন ডিসিকে বরণ করে নেওয়া এবং দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন ছিল। এমনকি সিলেটে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন বলেও প্রস্তুতি নেওয়া হয়েছিল।

কিন্তু ফ্লাইট ছাড়ার ঠিক আগে জনপ্রশাসন সচিবের ফোন পেয়ে তিনি বিমানবন্দর থেকেই মন্ত্রণালয়ে ফিরে যান। ফলে নির্ধারিত সময়ে তার সিলেটে যোগদান আর হয়নি।

এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা শুরু হলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ নিয়ে কোনো জটিলতা নেই। বরং সমস্যা তৈরি হয়েছে কুমিল্লার জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে।

সূত্র জানায়, কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া রোজী আক্তারের বিরুদ্ধে অতীতের কিছু দুর্নীতির অভিযোগ সামনে আসায় স্থানীয়ভাবে বিতর্ক সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বুধবার ওই বদলি আদেশ কার্যকর না করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে দুই জেলার জেলা প্রশাসক নিয়োগের আদেশ থাকায় সিলেটে মু. রেজা হাসানের যোগদানও আপাতত স্থগিত রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কুমিল্লার জন্য নতুন জেলা প্রশাসক চূড়ান্ত হওয়ার পর নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। রোববারের মধ্যে নতুন আদেশ জারি হতে পারে। এরপর মু. রেজা হাসান সিলেটে এসে জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। এরপর ২৮ জুন মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে যোগদানের আগমুহূর্তে তার যাত্রা স্থগিত হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জেলা প্রশাসক, মু. রেজা হাসান, সারওয়ার আলম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ