মৌলভীবাজারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু
যাপিতজীবন
প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ১:৩৭ অপরাহ্ন
সারাদেশের সঙ্গে মৌলভীবাজারেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ বছর জেলায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ২ লাখ ৪৮ হাজার ৮৬০ জন শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভা হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও মৌলভীবাজার পৌরসভার প্রশাসক রুবেল মাহমুদ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলার বিভিন্ন কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে জেলার ২ লাখ ৪৮ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুবেল মাহমুদ বলেন, শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, “জাতীয় এই কর্মসূচির সফল বাস্তবায়নে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিশুই যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, ডা. জাকির হোসেন, ডা. এস. এম. শাহরিয়ার ফাহিম, সাংবাদিক মো. আব্দুল ওয়াদুদ, আলেয়া খানম, ডা. এস. এম. মাহফুজুল ইসলাম, মো. শামছুল হক, ডা. নুসরাত হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
মৌলভীবাজার, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, স্বাস্থ্য