২৪ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

সিলেটে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ জুন, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন


সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


মঙ্গলবার বিকেলে নগরভবনের সভাকক্ষে এ প্রকল্পের অগ্রগতি ও কার্যপদ্ধতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতির বক্তব্যে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে বায়োড্রায়িং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বর্জ্যকে জ্বালানিতে রূপান্তর করা সম্ভব হবে, যা বৃত্তাকার অর্থনীতি গড়ে তুলতেও সহায়ক ভূমিকা রাখবে।


সভায় প্রকল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, বায়োড্রায়িং বর্জ্য ব্যবস্থাপনার একটি আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে বর্জ্যের অতিরিক্ত আর্দ্রতা দ্রুত কমিয়ে তা জ্বালানি হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়। সাধারণত নগর এলাকার বর্জ্যের বড় অংশই জৈব উপাদান ও পানিযুক্ত হওয়ায় প্রচলিত ইনসিনারেশন পদ্ধতিতে সেগুলো প্রক্রিয়াজাত করা ব্যয়বহুল ও জটিল হয়ে পড়ে।


তারা বলেন, বায়োড্রায়িং প্রযুক্তিতে অণুজীবের স্বাভাবিক বিপাকীয় তাপ এবং নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ ব্যবহার করে গৃহস্থালি বর্জ্য, স্যুয়ারেজ স্লাজ ও কৃষিজ বর্জ্যের আর্দ্রতা কমানো হয়। এতে বর্জ্য থেকে উৎপাদিত জ্বালানি শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। বাংলাদেশের আবহাওয়া ও বর্জ্যের প্রকৃতি বিবেচনায় এ প্রযুক্তি কার্যকর হতে পারে বলেও মত দেন তারা।


সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস এবং নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন।


এ ছাড়া লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসির হেড অব জিওসাইকেল লতিফুর রহমান, জেনারেল ম্যানেজার সরকার সোয়েব আহমেদ এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তামরিন চৌধুরী সভায় অংশ নেন।আ


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট সিটি কর্পোরেশন, বায়োড্রায়িং প্ল্যান্ট, বর্জ্য ব্যবস্থাপনা, সিসিক, বর্জ্য থেকে জ্বালানি, সার্কুলার ইকোনমি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ