দিরাইয়ে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, দুইজনের কারাদণ্ড
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ জুন, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভের নেতৃত্বে পৌরসভার কাঁচাবাজার ও চামাট নদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে ব্যবসায়ী দীপক দাস (৫০) ও বিপ্লব শর্মা (৪৫) প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানের সময় অবৈধ জাল কেনার দায়ে উপজেলার জগদল গ্রামের আবুবক্কর (৪৫) নামের এক ক্রেতাকেও এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ১২৭ প্যাকেট অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জীবিত মাছ হাওরে অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ জানান, অভিযানে ১২৭ প্যাকেট অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
দিরাই, কারেন্ট জাল, ভ্রাম্যমাণ আদালত, মৎস্যসম্পদ সংরক্ষণ, সুনামগঞ্জ