২৩ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, খোলা হয়েছে কন্ট্রোলরুম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুন, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

আবহাওয়ার পূর্বাভাস এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আগামী কয়েক দিনের মধ্যে সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।

 

এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গত ২৭ এপ্রিল ২০২৬ সালের সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

 

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের অধীনে বর্তমানে এক থেকে দেড় মাসের ত্রাণসামগ্রী মজুত রয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রয়োজন বিবেচনায় অতিরিক্ত ত্রাণ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

 

প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, স্বেচ্ছাসেবক দল ও মেডিকেল টিম গঠন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষণ এবং জরুরি উদ্ধারকাজের জন্য নৌযান প্রস্তুত রাখাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো এলাকা দুর্যোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ কার্যক্রম শুরু করা হবে।

 

এ ছাড়া নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি ও হ্রাসের তথ্য নিয়মিতভাবে প্রকাশের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যাসংক্রান্ত যেকোনো তথ্য আদান-প্রদান ও জরুরি যোগাযোগের সুবিধার্থে জেলা প্রশাসন একটি কন্ট্রোলরুম চালু করেছে (কন্ট্রোলরুম নম্বর: ০১৬৮১-৩১৭১৯১)

 

জেলা প্রশাসন সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য জেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ বন্যা, পাহাড়ি ঢল, দুর্যোগ প্রস্তুতি, কন্ট্রোলরুম, জেলা প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ