০৮ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

দুর্ঘটনায় নিহত প্রিতমের বোনের পড়াশোনার খরচ বহনের ঘোষণা জামায়াতের

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন


সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত প্রিতমের পরিবারের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর জামায়াত। নিহত প্রিতমের বোনের পড়াশোনার সব খরচ বহনের ঘোষণা দিয়েছে দলটি। 

 

শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরীর যতরপুর মৌবন এলাকায় প্রিতমের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ নগর জামায়াতের নেতারা। এ সময় তারা প্রিতমের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

 

এর আগে, গতকাল শুক্রবার সকাল ৭ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ ও ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী-শিশুসহ ৭ জন মারা যান। 

 

এ ঘটনায় আহত হন অন্তত আরও ১৪ জন। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। ফলে এ মর্মান্তিন এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় নয়জনে। 

 

পরিবার সূত্রে জানা যায়, প্রিতম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আয়ের ওপর নির্ভর করেই চলত বৃদ্ধ মা ও বোনের সংসার। অভাব-অনটনের মধ্যেই চলছিল পরিবারটি। ছোটবেলায় পানিতে ডুবে প্রিতমের একমাত্র ভাই মারা যান। এরপর থেকে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন প্রিতম। এ অবস্থায় সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুর পর পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।

 

নিহত প্রিতমের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘মহানগর জামায়াতের পক্ষ থেকে কিশোরী মোহন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী প্রিতমের একমাত্র বোনের লেখাপড়ার সকল খরচ বহন করা হবে। জামায়াত দল মত নির্বিশেষে আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াত প্রিতমের পরিবারের পাশে থাকবে।’

 

এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের আমীর রফিকুল ইসলাম মজুমদার, ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দিন, সেক্রেটারি আব্দুর রশিদসহ ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দুর্ঘটনা, সিলেট মহানগর জামায়াত, প্রিতম, পড়াশোনার খরচ, সহায়তা, ওসমানীনগর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ