০৯ আগস্ট ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেট মহানগর বিএনপি

মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নাসিম হোসাইন

দলের স্বার্থে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন


সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। শনিবার (৮ আগস্ট) বিকেলে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। মাজার জিয়ারত শেষে মাজার মসজিদ প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নাসিম হোসাইন বলেন, ‘প্রথমেই আমি পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সাথে আমাদের প্রিয় নেতা, বিএনপি চেয়ারম্যান ও সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমার ওপর পুনরায় আস্থা রেখে এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন। 


তিনি বলেন, ‘সিলেটের মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা চিরকালের। এই পুনর্বহাল কেবল আমার একার বিজয় নয়, এটি সিলেটের তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা এবং মেহনতের প্রতিফলন।’


তিনি আরও বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ একটি নতুন গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। তিনি দেশের আপামর জনতার ভাগ্য পরিবর্তনে যে অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের লক্ষ্য হবে সেই স্বপ্নকে সিলেটে বাস্তবায়ন করা।’


নাসিম হোসাইন বলেন, ‘দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ২০২৬ সালের সাধারণ নির্বাচনে বিএনপি যে ঐতিহাসিক বিজয় লাভ করেছে, সেই বিজয়ের সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সিলেট মহানগর বিএনপিকে আমরা যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলব।’


নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলের স্বার্থে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। কোনো অপশক্তি যেন আমাদের মধ্যে ফাটল ধরাতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জনগণের সেবক হিসেবে আমরা কাজ করব এবং জনগণের অধিকার রক্ষায় সিলেট মহানগর বিএনপি সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।’


নাসিম হোসাইনকে পুনরায় স্বপদে বহাল করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘এই সিদ্ধান্ত সিলেটের তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। নেতাকর্মীদের সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বের মাধ্যমে সিলেট মহানগর বিএনপি আগামী দিনে আরও বেশি শক্তিশালী, ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে। কোনো ষড়যন্ত্রই এই ঐক্য ফাটল ধরাতে পারবে না।’


তিনি আরও বলেন, ‘দল যখনই রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে, সিলেটের মাটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও কেন্দ্রের যেকোনো নির্দেশনা এবং দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে সিলেট মহানগর বিএনপি রাজপথে অতীতের মতোই শক্ত ও আপসহীন অবস্থান বজায় রাখবে।’


এর আগে বিকেল চারটায় ঢাকা থেকে বিমানযোগে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নাসিম হোসাইনকে সংবর্ধনা দেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।


এ সময় তাকে স্বাগত জানান সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


দোয়া মাহফিলে দেশের শান্তি ও সমৃদ্ধি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


দোয়া মাহফিলে সিলেট মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জিয়াউল হক জিয়া, আমির হোসেন, জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আফজাল উদ্দিন, আব্দুল হাকিম, আব্দুর রহিম মল্লিক, জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

নাসিম হোসাইন, বিএনপি, সিলেট মহানগর বিএনপি, তারেক রহমান, মাজার জিয়ারত, ইমদাদ হোসেন চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ