১৭ জুন ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

জগন্নাথপুরে ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ জুন, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার ও মইয়ার হাওরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও কিরণমালা পট চাই জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দকৃত এসব অবৈধ সামগ্রী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।


মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে হাওরের দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় উপজেলার নলুয়ার হাওর ও মইয়ার হাওরে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় হাওর থেকে আনুমানিক ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১ হাজার পিস ক্ষতিকর কিরণমালা পট চাই জব্দ করা হয়।


পরে জব্দকৃত জাল ও চাই মইয়ার হাওরের জগন্নাথপুর বাজারসংলগ্ন কাঠবাজার এলাকায় নিয়ে আসা হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল-আমীনের উপস্থিতিতে স্থানীয় জনসাধারণ ও গণমাধ্যমকর্মীদের সামনে আগুন দিয়ে সেগুলো ধ্বংস করা হয়।


উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল-আমীন বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে (২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত) হাওরে সব ধরনের দেশীয় মাছ রক্ষায় এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। মা মাছ ও পোনামাছ রক্ষায় এবং মৎস্য সম্পদ বৃদ্ধিতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এদিকে, ​অবৈধ মৎস্য শিকারিদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কারেন্ট জাল, কিরণমালা পট চাই, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নলুয়ার হাওর, মইয়ার হাওর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ