সিলেটে মাদকসহ কারবারি আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন
সিলেটের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
আজ সোমবার (১৫ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতের নাম মো. মাসুক মিয়া (৪৫)। তিনি জালালাবাদ থানার কালিরগাঁও এলাকার ইছহাক আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানাধীন ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের কালিরগাঁও নয়াবাজার এলাকায় অভিযান চালানো হয়। শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী মাসুক মিয়ার বসত ঘরে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাসুক মিয়ার হেফাজত থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় জালালাবাদ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১০, তারিখ-১৩/০৬/২০২৬ খ্রি.)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট, জালালাবাদ থানা, ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক, এসএমপি অভিযান