১৫ জুন ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ১:১৩ অপরাহ্ন


রাজধানীর ওয়ারী থানায় করা একটি প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।


আদালত সূত্রে জানা যায়, এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্তে সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদের সময় তৌহিদ উদ্দিন আফ্রিদীর সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে উল্লেখ করা হয়।


রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন আবেদনটির বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।পরে তাকে কারাগারে পাঠানো হয়।


মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে বিনিয়োগের কথা বলে অর্থ নেওয়া হয়। শুরুতে কিছু অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে মামলায় বলা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামি করে ওয়ারী থানায় মামলা করেন।


উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায়ও তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছিল।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

তৌহিদ আফ্রিদি, তৌহিদ আফ্রিদি গ্রেফতার, ওয়ারী থানা মামলা, প্রতারণা মামলা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার, ঢাকা আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, অনলাইন প্রতারণা, হোয়াটসঅ্যাপ প্রতারণা, টেলিগ্রাম প্রতারণা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ