১৫ জুন ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

বড়লেখা সীমান্তে বিজিবির ওপর হামলার চেষ্টা, গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

প্রতিনিধি, বড়লেখা, মৌলভীবাজার

প্রকাশঃ ১৪ জুন, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন


মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালানোর অভিযোগে এক ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি।


শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের একটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা গেছে, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় সীমান্তের কাছে দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি দেখে তাদের থামার সংকেত দেওয়া হয়।


বিজিবির দাবি, সংকেত উপেক্ষা করে ওই দুজন ধারালো অস্ত্র নিয়ে টহল দলের দিকে এগিয়ে আসে এবং হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার স্বার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন আহত হন।


এরপর আহত ব্যক্তিকে সঙ্গে নিয়ে অপরজন দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যান বলে জানিয়েছে বিজিবি।


বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের ওপর হামলার চেষ্টা হলে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার বিষয়ে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়াও চলমান।


তিনি বলেন, সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বড়লেখা সীমান্ত, বড়লেখা খবর, মৌলভীবাজার সংবাদ, বিজিবি, সীমান্তে গুলি, ভারতীয় চোরাকারবারি, সীমান্ত চোরাচালান, ৫২ বিজিবি, বিয়ানীবাজার ব্যাটালিয়ন, বিজিবির অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ