বাবা ও মায়ের সাথে অশোভন আচরণ, ছেলেকে কারাদণ্ড
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ৪:২৪ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে মাদকাসক্ত অবস্থায় বাবা ও মায়ের সঙ্গে অশোভন আচরণে এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে রমজান মিয়া নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১২ জুন) মধ্যরাতে রাতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্ত রমজান ওই গ্রামের মইন উল্লার সন্তান।
ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত রমজান মিয়া মাদক সেবনের পর নিজ বাড়িতে অস্বাভাবিক আচরণ শুরু করেন। তার এমন উগ্র ও সহিংস কর্মকাণ্ডে পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিনাতিপাত করছিলেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ভুক্তভোগী পরিবার বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রমজান মিয়াকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে অতিরিক্ত আরও ১৫ দিন কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
হবিগঞ্জ, কারাদণ্ড, প্রশাসন, বাবা-মা