১০ জুন ২০২৬

দৈনন্দিন

নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে হবিগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১০ জুন) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন হবিগঞ্জ ও জেলা শিল্পকলা একাডেমি।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) ড. জি. এম. সরফরাজ। 

 

মুখ্য আলোচক ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, কবি-সাহিত্যিক জাহানারা আফছর, হবিগঞ্জ নজরুল একাডেমির সভাপতি তাহমিনা বেগম গিনি এবং জেলা জাসাসের আহ্বায়ক নিজামুর রহমান চৌধুরী।

 

অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন নিয়ে আলোচনা করেন। তারা জানান, নজরুল ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও বিদ্রোহের কবি। তাঁর সাহিত্যকর্ম আজও অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে প্রেরণা জোগায় এবং অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা সংগীত, নৃত্য, যন্ত্রসংগীত ও আবৃত্তি পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগ, জেলা জাসাস, সুরবিতান, হবিগঞ্জ বর্ণমালা খেলাঘর আসর, বিহঙ্গ সংগীত নিকেতন, সুরসায়র সংগীত বিদ্যায়তন, সারগাম সেমি-ক্লাসিক্যাল সংগীত বিদ্যালয়, কাজল চন্দ্র গোপ, শুভ্রা সরকার, উর্বী রায় বর্ণা, শ্রাবণী দাস ও অনিন্দিতা ভট্টাচার্য। নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগ, হবিগঞ্জ শিল্পী সমাজ, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ, নৃত্য নিকেতন, নৃত্যকুড়ি নৃত্যালয় ও নৃত্যভূমি। যন্ত্রসংগীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির তবলা বিভাগ ও তারুণ্য মিউজিক্যাল একাডেমি। আবৃত্তি পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি আবৃত্তি বিভাগ, হবিগঞ্জ শিল্পী সমাজ ও পদক্ষেপ আবৃত্তি পরিষদ।

 

অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে অংশ নেন তবলায় রাজু রায়, কিবোর্ডে অসীম ভৌমিক ও অক্টোপ্যাডে আশীষ দাস। অনুষ্ঠান উপস্থাপনা করেন সোহেলী শারমিন রনি ও তৌফিকুল ইসলাম শাকিল।

 

অনুষ্ঠানে জেলার সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কাজী নজরুল ইসলাম, হবিগঞ্জ, নজরুল জন্মবার্ষিকী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ