সিলেটে ভারী বর্ষণের সম্ভাবনা, বজ্রপাতের শঙ্কা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৭:০০ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১০ জুন) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।
তাছাড়া এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে জানায় আবহাওয়া অফিস।
বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ৯৩ শতাংশে।
এদিকে গত মঙ্গলবার (৯ জুন) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় আরও ২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে।
সিলেট আবহাওয়া, ভারী বর্ষণ, বজ্রপাত, সিলেটে বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাস