জৈন্তাপুরের সবুড়ী নদীতে প্রশাসনের অভিযানে নৌকা-যন্ত্রপাতি জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৫:৫২ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার সবুড়ী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ জুন) দুপুরে পরিচালিত এই অভিযানে একটি স্টিল নৌকা ও দুটি শ্যালো ইঞ্জিনচালিত মেশিন জব্দ করা হয়েছে।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ডুলটিরপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন। জব্দ করা নৌকাটি শ্যালো ইঞ্জিনসহ নদীতে ডুবিয়ে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে।
এর আগে গত ৭ জুন রোববারও একটি অভিযানে প্রায় পাঁচ লাখ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। তবে একের পর এক অভিযানেও অবৈধ বালু ব্যবসায়ীরা থামছে না। ভাসমান ড্রেজার মেশিন ব্যবহার করে তারা নদীর পাড় ও ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলন অব্যাহত রেখেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় জানান, আগের অভিযানে জব্দ করা বালুর প্রত্যাশিত মূল্য না পাওয়ায় নির্ধারিত নিলাম স্থগিত রাখা হয়েছে। জব্দ বালুর নিলাম বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।
সিলেট, জৈন্তাপুর, সবুড়ী নদী, অভিযান, প্রশাসন