১০ জুন ২০২৬

দৈনন্দিন

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৯ জুন, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন


অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ৭ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। 

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহ উভয় দেশের ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব নাগরিকেরা বিভিন্ন সময়ে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের পর ভারতীয় পুলিশের হাতে তারা আটক হন। পরবর্তীতে দেশটির আদালত তাদের কারাদণ্ড প্রদান করলে ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে তাদের রাখা হয়।

সেখানে দীর্ঘ মেয়াদে সাজাভোগ করার পর, বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ৭ বাংলাদেশির মধ্যে ৬ জন সুনামগঞ্জের এবং ১ জন সিলেটের বাসিন্দা। তারা হলেন: সুনামগঞ্জের সদর থানার নইগাঙ থানার মো. সাদির মিয়ার ছেলে মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকের বাজার গ্রামে মৃত শওকত আলীর ছেলে মানিক আহমেদ, চানপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. আল আমিন, শাল্লা থানার শ্রীহাই গ্রামের আব্দুল হাই-এর ছেলে বাদশাহ মিয়া ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার পুহস্টার ডেখারের ছেলে রেস্টলি ব্লাহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বলেন, 'বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ৭ বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। তাদেরকে নিজ নিজ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

তামাবিল সীমান্ত, বাংলাদেশি প্রত্যাবর্তন, অবৈধ অনুপ্রবেশ, গোয়াইনঘাট, ভারত কারাগার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ