হবিগঞ্জে ‘প্রীতি ফুটবল ম্যাচ’ ঘিরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অন্তত ২০
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন
হবিগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে স্থানীয় যুবকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে পরাজিত হয়। খেলা শেষে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ উল্লাস করলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
কিন্তু বুধবার দুপুরে সেই বিরোধকে কেন্দ্রে করে আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হক ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
হবিগঞ্জ, কাশিপুর গ্রাম, ফুটবল খেলা, সংঘর্ষ, আহত ২০ জন