৬ ঘণ্টার ব্যবধানে শান্তিগঞ্জে ফের সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল নারীর
দৈনন্দিন
প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ পৌর শহরের একটি পানি সরবরাহ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ছয় শতাধিক গ্রাহক গত সোমবার সকাল থেকে পানি পাচ্ছেন না। পৌরসভার পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এসব গ্রাহক। ঈদের পরদিন থেকেই পানি সরবরাহে সমস্যা শুরু হলেও সোমবার থেকে একেবারেই পানি না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের কাজীর পয়েন্ট এলাকায় পৌরসভার প্রধান পানি শোধনাগার রয়েছে। একসময় এই শোধনাগার থেকেই পুরো শহরে পানি সরবরাহ করা হতো। কয়েক বছর আগে শহরের হাছননগর এলাকায় আরও একটি পানি শোধনাগার নির্মাণ করা হয়। বর্তমানে দুটি কেন্দ্র থেকেই পৌর এলাকার বিভিন্ন স্থানে পানি সরবরাহ করা হয়।
পৌরসভায় প্রায় দুই হাজার পানির গ্রাহক রয়েছেন। প্রতিদিন সকাল ও দুপুরে দুই দফায় তাঁদের পানি সরবরাহ করা হয়। এর মধ্যে প্রায় ছয় শতাধিক গ্রাহক হাছননগর এলাকার ট্যাংকি থেকে পানি পান। সোমবার সকালে ওই ট্যাংকির মোটরে ত্রুটি দেখা দেয়। পরে পরীক্ষা করে দেখা যায়, মোটরের ভেতরের কয়েল পুড়ে গেছে। এরপর থেকেই ওই কেন্দ্র থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে।
এ কারণে শহরের হাছননগর, উপত্যকা, উকিলপাড়া, জেল রোড, কালীবাড়ি, রায়পাড়া, সোমপাড়া, মধ্যবাজার, নতুনপাড়া (আংশিক), পশ্চিমবাজার ও বাঁধনপাড়া এলাকার বাসিন্দারা পানি পাচ্ছেন না।
উকিলপাড়া এলাকার বাসিন্দা নুরুল হাসান আতাহের বলেন, ঈদের পরের দিন থেকেই পানি সরবরাহে সমস্যা হচ্ছিল। কিন্তু পৌরসভা এ বিষয়ে আগে কোনো ঘোষণা দেয়নি। সোমবার বিকেলে মাইকিং করা হলেও সেটি স্পষ্ট শোনা যায়নি। তিনি বলেন, “এখন একেবারেই পানি নেই। শুনেছি মোটর নষ্ট হয়েছে। পানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা। এ ধরনের পরিস্থিতির জন্য বিকল্প মোটর বা ব্যবস্থা থাকা উচিত ছিল।”
একই এলাকার বাসিন্দা সিদ্ধার্থ এষ বলেন, বিশুদ্ধ পানি সরবরাহ নাগরিকদের মৌলিক সেবার অন্যতম। কিন্তু গত কয়েক দিন ধরে পৌর কর্তৃপক্ষ সেই সেবা নিশ্চিত করতে পারছে না। তিনি বলেন, আগে পানি সরবরাহে সমস্যা হলে মাইকিং করে সবাইকে জানানো হতো। এখন সেটিও নিয়মিত করা হয় না।
হাছননগর এলাকার বাসিন্দা ও আইনজীবী আবদুর রায়হান বলেন, পানি না পাওয়ায় তাঁরা নানা সমস্যার মুখে পড়েছেন। পানীয় পানি কিনে আনতে হচ্ছে। গোসল ও অন্যান্য গৃহস্থালি কাজেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শহরের মেজর ইকবাল রোড এলাকার বাসিন্দা এবং সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি কানিজ সুলতানা বলেন, পানি সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। কয়েক দিন পরপরই এমন সমস্যা দেখা দেয়। পৌর কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। যান্ত্রিক ত্রুটি হতেই পারে, কিন্তু সেজন্য বিকল্প ব্যবস্থা থাকা প্রয়োজন। পাশাপাশি সমস্যা দেখা দিলে দ্রুত নাগরিকদের অবহিত করা উচিত।
এ বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল বলেন, পানি সরবরাহে বিঘ্ন ঘটার বিষয়টি আমরা মাইকিং করে পৌরবাসীকে জানিয়েছি। ত্রুটি মেরামতের কাজ চলছে। যত দ্রুত সম্ভব পানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছি। আশা করছি বুধবার বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
সুনামগঞ্জ, পৌরসভা, পানি, ভোগান্তি