০৪ জুন ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

৬ ঘণ্টার ব্যবধানে শান্তিগঞ্জে ফের সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল নারীর

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে একই মহাসড়কে আরও একটি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে। শিশু রিক সূত্রধরের মৃত্যুর কয়েক ঘণ্টা পর এবার লেগুনার ধাক্কায় জরিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।


বুধবার (৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমদপুর এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত জরিনা বেগম পূর্ব পাগলার মাহমদপুর গ্রামের ফজর আলীর স্ত্রী। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পাশের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন জরিনা বেগম। এ সময় তিনি মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে সুনামগঞ্জগামী ‘রাব্বি পরিবহন’-এর একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।


পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক লেগুনাটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।


এর আগে একই দিন দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোদরতপী এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের চাপায় রিক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়। 


জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, মাহমদপুর এলাকায় লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। ঘাতক লেগুনাটি জব্দ করা হয়েছে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ, সড়ক দুর্ঘটনা, জরিনা বেগম, সুনামগঞ্জ সংবাদ, জয়কলস হাইওয়ে থানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ