০৪ জুন ২০২৬

দৈনন্দিন

চা শ্রমিক ইউনিয়নের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় 'লেবার হাউস'-এ ইউনিয়নের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সংগঠনের দীর্ঘ ৭৮ বছরের সংগ্রাম, ঐতিহ্য এবং চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইউনিয়নের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ এ. কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, কার্যকরী সভাপতি বৈশিষ্ট্য তাঁতি, সহ-সম্পাদিকা রেখা বাক্তি এবং বালিশিরা ভ্যালির সহ-সম্পাদিকা সবিতা গোয়ালাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে চা শ্রমিক আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণ করেন। তারা বলেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা এবং মানবিক জীবনযাপনের দাবিতে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাদের আত্মত্যাগই আজকের চা শ্রমিক সমাজকে অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রেরণা জোগায়। বক্তারা আরও উল্লেখ করেন যে, দেশের অর্থনীতি, শিল্প ও রপ্তানি খাতে চা শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে তারা নানা বঞ্চনা, বৈষম্য ও অবহেলার শিকার হয়ে আসছেন। শহীদদের আত্মদানের চেতনা ধারণ করে চা শ্রমিকদের ন্যায্য মজুরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা মহান চা শ্রমিক শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের আদর্শ অনুসরণ করে একটি বৈষম্যহীন, মর্যাদাপূর্ণ ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, ঐতিহাসিক এই দিবস উপলক্ষে দেশের সকল চা শ্রমিক, শ্রমজীবী জনগোষ্ঠী এবং তাদের পরিবার-পরিজনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

তারা আশা প্রকাশ করেন, ঐক্য, সংগ্রাম ও আত্মমর্যাদার চেতনায় উদ্বুদ্ধ হয়ে চা শ্রমিক সমাজ ভবিষ্যতেও তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও সুসংহত ও শক্তিশালী করবে।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও চা শ্রমিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, শ্রীমঙ্গল, প্রতিষ্ঠাবার্ষিকী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ