
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাঁড়াশি অভিযানে গত মে মাসে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, গত মে মাসজুড়ে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং অবৈধ পণ্য জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ১,৬৬৫ জনের মধ্যে নিয়মিত মামলার ১৯২ জন আসামি, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪২ জন ছিনতাইকারী, ৫৬ জন চোর ও ডাকাত, ৯৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ৫২ জন জুয়াড়ি, মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের আওতায় ৯৪৩ জন এবং ৯৩ জন হকার রয়েছেন।
এদিকে মে মাসে এসএমপির আওতাধীন ছয়টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে এসএমপি। একই সময়ে ১৭৮টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।
অভিযানের সময় পুলিশ ৯১১ পিস ইয়াবা, ৪১ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি মদ, ১ কেজি ও ৪৮ পুরিয়া গাঁজা এবং সাতটি গাঁজার গাছ জব্দ করে।
এ ছাড়া বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৪৪০ কেজি জিরা, ৪৫০ কেজি চিনি, ১৩ হাজার ৫৭১ পিস চকোলেট, ১০ হাজার ৩৩২ পিস ক্রিম, ১ হাজার ৬০৫ কেজি চা পাতা, ২ হাজার ১৫০ কেজি ফুসকা, ১৪৭ কেজি পোস্তদানা ও ১৬২টি কম্বল। পাশাপাশি বিপুল পরিমাণ আতশবাজি ও প্রসাধনী সামগ্রীও জব্দ করা হয়েছে।
এসএমপির গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে ট্রাফিক বিভাগ মে মাসে ৩ হাজার ৫৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১ হাজার ৬৯২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১ হাজার ৮৫৯টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুনঃ
অপরাধ-বিচার থেকে আরো পড়ুন
সিলেট মেট্রোপলিটন পুলিশ, এসএমপি অভিযান, গ্রেপ্তার, মাদক উদ্ধার, ভারতীয় পণ্য জব্দ


