০১ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেট নগরীতে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক এক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ মে, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী

সিলেট মহানগরীর রায়নগর এলাকার দপ্তরীপাড়ায় এক বন্ধুর হাতে অন্য আরেক বন্ধু খুনের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হাবিল (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।


নিহত যুবকের নাম জুয়েল (২৬)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের ভেরা এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি সিলেট মহানগরীর কোতোয়ালি থানার রায়নগর দপ্তরীপাড়ার সাকেরের কলোনিতে বসবাস করতেন। আটক মো. হাবিল সিলেটের শাহপরান (রহ.) থানার বালুচর এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।


পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল ও হাবিল পরস্পর বন্ধু ছিলেন। সকালে পূর্ব বিরোধের জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হাবিল জুয়েলকে পাশের গোয়ালীছড়া খালে ফেলে দেন। এরপর ধারালো সুইচগিয়ার ছুরি দিয়ে তাঁর গলা, বুক ও পিঠে একাধিক আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।


পরে স্থানীয়রা আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত হাবিলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।


এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট খুন, বন্ধুর হাতে খুন, সিলেট নগরী হত্যা, জুয়েল হত্যা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ