০১ জুন ২০২৬

যাপিতজীবন / ভ্রমণ

ঈদের ছুটিতে লাউয়াছড়ায় পর্যটকের ঢল

প্রতিবেদক, কমলগঞ্জ, মৌলভীবাজার

প্রকাশঃ ৩১ মে, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন


ঈদুল আজহার টানা ছুটিতে প্রকৃতির টানে পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঈদের তৃতীয় দিন রোববার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো দর্শনার্থীর পাদচারণায় উদ্যানজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


আজ রোববার ঈদুল আজহার ছুটির শেষ দিন সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে পর্যটকদের ভিড় বাড়তে থাকে বনের প্রবেশপথ ও ভেতরের ট্রেইলগুলোতে। সবুজ অরণ্য, পাহাড়ি পথ আর উঁচু-নিচু টিলার মাঝে ঘুরে বেড়াতে পেরে আনন্দ প্রকাশ করেন দর্শনার্থীরা। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এছাড়া ঈদের দিন বিকেল থেকেই স্থানীয় পর্যটকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় উদ্যান ।


উদ্যানের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগম বলেন, ঈদের ছুটিতে লাউয়াছড়ায় পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। বনের পরিবেশ রক্ষা এবং পর্যটকদের সেবা নিশ্চিত করতে বনকর্মী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।


সরেজমিনে দেখা যায়, শুধু লাউয়াছড়া নয়—কমলগঞ্জের অন্যান্য পর্যটনকেন্দ্র যেমন মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, মণিপুরি পল্লী, খাসিয়াপুঞ্জি ও আশপাশের চা-বাগানেও পর্যটকের ভিড় বেড়েছে।


পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি বনের পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


ঢাকা থেকে আসা রতন কুমার দে বলেন, পরিবার নিয়ে ঘুরতে এসে খুবই ভালো লেগেছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ।


অন্যদিকে বি-বাড়িয়া থেকে আসা রাহেলা বলেন, চা-বাগান, মণিপুরি পল্লীসহ পুরো এলাকা ঘুরে দেখেছি। প্রকৃতির মাঝে সময় কাটিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে।


লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকেট কালেক্টর অজানা আহমেদ কামরান জানান, ঈদের প্রথম দুই দিনে ভিড় তুলনামূলক কম থাকলেও তৃতীয় দিন থেকে পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বনকর্মী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন।


ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের উপ পরিদর্শক আশরাফুল আলম বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সব পর্যটনকেন্দ্রে পুলিশ দায়িত্ব পালন করছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

লাউয়াছড়া জাতীয় উদ্যান, মৌলভীবাজার পর্যটন, ঈদের ছুটিতে পর্যটক, কমলগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ