বিসিবির পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী কাইয়ুম চৌধুরী
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে সিলেট বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনিই একমাত্র প্রার্থী হওয়ায় তার নির্বাচিত হওয়া এখন আনুষ্ঠানিকতার অপেক্ষা।
আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও বিভাগীয় কোটায় ১০ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচনের বিধান রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে আবদুল কাইয়ূম চৌধুরী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। একইভাবে রাজশাহী বিভাগ থেকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম এবং রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আহমেদ একক প্রার্থী হিসেবে পরিচালক হতে যাচ্ছেন।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা ক্যাটাগরিতে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি আগে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিপিএলের প্রথম আসরেও গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ছিলেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা তাহেরুল হক চৌহান শুক্রবার এক ব্রিফিংয়ে জানান, ক্যাটাগরি-১ এ ১৪টি, ক্যাটাগরি-২ এ ১৮টি এবং ক্যাটাগরি-৩ এ একটি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে শনিবার।
সিলেট, বিসিবি, পরিচালক, আবদুল কাইয়ূম চৌধুরী