বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিতরণ সংস্থাগুলোর
দেশজুড়ে
প্রকাশঃ ২১ মে, ২০২৬ ২:০৩ অপরাহ্ন
রাজধানীর কেআইবি মিলনায়তনে দ্বিতীয় দিনের গণশুনানিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থা। একইসঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলে সেটিও গ্রাহক পর্যায়ে সমন্বয়ের সুযোগ রাখার আবেদন জানানো হয়েছে গণশুনানিতে।
বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এই গণশুনানিতে বিতরণ কোম্পানিগুলো দাবি করে, বিদ্যুৎ খাতে ক্রমবর্ধমান ব্যয় ও আর্থিক ঘাটতির কারণে দাম সমন্বয় এখন জরুরি হয়ে পড়েছে। শুনানিতে আবাসিক গ্রাহকদের জন্য ধাপ বা স্ল্যাব পুনর্বিন্যাসেরও প্রস্তাব দেওয়া হয়।
এছাড়া বেসরকারি স্কুল-কলেজ ও হাসপাতালের জন্য বিদ্যমান ক্রস-সাবসিডি সুবিধা তুলে দিয়ে সেগুলোকে বাণিজ্যিক শ্রেণিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেয় কয়েকটি বিতরণ কোম্পানি। এতে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অংশীজনেরা।
তবে গণশুনানিতে অংশ নেওয়া ভোক্তা অধিকার সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। তাদের মতে এ ধরনের পরিবর্তনের ফলে কম আয়ের গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়ার আশঙ্কা থাকে।
তাদের ভাষ্য, বারবার গ্রাহকের ওপর চাপ সৃষ্টি না করে বিদ্যুৎ খাতে অপচয় ও ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে।
অংশীজনেরা অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের দায় এখন সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে। তারা উল্টো বিদ্যুতের দাম কমানোর লক্ষ্যে শুনানি আয়োজনের দাবি জানান।
এর আগে বুধবার (২০ মে) গণশুনানির প্রথম দিনে বিদ্যুতের সঞ্চালন চার্জ প্রতি ইউনিটে ১৯ পয়সা বা প্রায় ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় পাওয়ার গ্রিড কোম্পানি। একই দিনে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি দেড় টাকা বা প্রায় ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
শুনানিতে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে সংস্থাটির সম্ভাব্য ঘাটতি ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে তা বেড়ে ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। তার ভাষায়, দাম সমন্বয় না করলে বিদ্যুৎ খাত মারাত্মক ঝুঁকিতে পড়বে।
তবে অংশীজনেরা বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের চাপে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। একই সঙ্গে শিল্প ও উৎপাদন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তারা।
বিদ্যুতের দাম বৃদ্ধি, গণশুনানি, পিডিবি, বিদ্যুৎ বিতরণ সংস্থা, পাইকারি বিদ্যুতের দাম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিল