২১ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়

স্নাতক প্রথম বর্ষের ২য় মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ মে, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল আগামী ২১ মে (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। একইসঙ্গে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের (মাইগ্রেশন) ফলাফলও প্রকাশ করা হবে।  

 

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের সহকারী রেজিস্টার মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে এবং রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।

 

ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ৩ জুন থেকে ১১ জুনের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে।

 

এরপর ৪ জুন থেকে ১৩ জুনের মধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ নির্ধারিত ১ হাজার ১৩০ টাকা সংশ্লিষ্ট কলেজের নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অথবা সরাসরি জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর তথ্য ও ছবি যাচাই করে ১৪ জুনের মধ্যে অনলাইনে ভর্তি চূড়ান্তভাবে নিশ্চিত করবে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনো শিক্ষার্থী যদি এর আগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকেন, তবে বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি হতে চাইলে তাকে অবশ্যই আগামী ৯ জুনের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে। অন্যথায়, দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি ও রেজিস্ট্রেশন উভয়ই বাতিল বলে গণ্য হবে।

 

এছাড়া যারা দ্বিতীয় মেধা তালিকায় বিষয় পরিবর্তন (মাইগ্রেশন) করতে ইচ্ছুক, তাদের চূড়ান্ত ভর্তি ফরমে অবশ্যই ‘Yes’ অপশনটি নির্বাচন করতে হবে।

 

উল্লেখ্য, মোবাইলে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu <space> athn <space> roll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকেও ফল জানা যাবে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি, দ্বিতীয় মেধাতালিকা, এনইউ ভর্তি ফল, মাইগ্রেশন ফলাফল, স্নাতক ভর্তি ২০২৫-২০২৬

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ