লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জগন্নাথপুরের অজান্তা
বিশ্বজুড়ে
প্রকাশঃ ৯ মে, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেয়ে অজান্তা দেব রায় যুক্তরাজ্যের লন্ডনের বাকিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন।
এর আগে ২০২৪ সালের উপনির্বাচনে প্রথমবারের মতো ওই কাউন্সিলে একজন বাঙালি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে আলোচনায় আসেন তিনি।
অজান্তা দেব রায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের শিক্ষানুরাগী সমাজকর্মী জ্যোতির্ময় দেব রায় ও রমা রানী দেবের জ্যেষ্ঠ মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দেশে থাকাকালে ২০০১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি। সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে পড়াশোনার সময় ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ২০১১ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। পরে লন্ডনের ইউনিভার্সিটি অব চেস্টারশায়ার থেকে এমবিএ এবং সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘পলিটিক্স, রাইটস অ্যান্ড জাস্টিস’ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
লন্ডনে লেখাপড়ার পাশাপাশি মানবাধিকারকর্মী হিসেবে কাজ শুরু করেন অজান্তা দেব রায়। পরে তিনি লেবার পার্টির রাজনীতিতে সক্রিয় হন। ২০২৪ সালের ডিসেম্বরে উপনির্বাচনের মাধ্যমে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবারের সাধারণ নির্বাচনেও বিজয়ী হয়ে নিজের অবস্থান আরও শক্ত করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী।
অজান্তা দেব রায়ের বাবা জ্যোতির্ময় দেব রায় বলেন, ‘আমার মেয়ে আগামী পাঁচ বছরের জন্য লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। সে যেন সততা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে পারে—সবার কাছে সেই দোয়া ও আশীর্বাদ চাই।’
অজান্তা দেব রায়, জগন্নাথপুর, সুনামগঞ্জ, লন্ডন কাউন্সিলর, লেবার পার্টি