০৩ মে ২০২৬

বাংলাদেশ

১৬ ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩ মে, ২০২৬ ৯:১৮ অপরাহ্ন

ছবিঃ বাংলাদেশ পুলিশের লোগো। সংগৃহীত

বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন কর্মকর্তা—যাদের মধ্যে ১৬ জন ডিআইজি (উপমহাপরিদর্শক) ও একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। 

 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

 

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অ্যান্টিটেররিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি (টিআর) সালেহ্ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক মো. হারুন-অর-রশীদ এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

 

এ ছাড়া তালিকায় আছেন নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট মো. হায়দার আলী খান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রফিকুল হাসান গনি, নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী।

 

অন্যদের মধ্যে রয়েছেন পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, রংপুর পিটিসির কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার এবং হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম।

 

একই আদেশে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদকেও অবসরে পাঠানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


শেয়ার করুনঃ

বাংলাদেশ থেকে আরো পড়ুন

পুলিশ অবসর, ডিআইজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, সরকারি সিদ্ধান্ত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ