০২ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

দোয়ারাবাজারে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ২ মে, ২০২৬ ৫:০২ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জহুর উদ্দিন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুঁড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 

জহুর উদ্দিন পশ্চিম সুঁড়িগাঁও গ্রামের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সুঁড়িগাঁও গ্রামের বাসিন্দা জহুর উদ্দিনের ধানী জমিতে একই উপজেলার দেলোয়ারনগর গ্রামের বেলাল উদ্দিন (৩২) তার গরু দিয়ে ধান খাওয়ান। এ খবর পেয়ে জহুর উদ্দিন জমিতে গিয়ে এ বিষয়ে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।

 

এক পর্যায়ে বেলাল উদ্দিন উত্তেজিত হয়ে বাড়িতে চলে যায়। পরে জহুর উদ্দিন নিজ বাড়িতে ফেরার পথে বেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত বেলাল উদ্দিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

 

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের বোন হোসনে আরা বলেন, আমার ভাই খুবই সহজ-সরল মানুষ ছিল, কিছুই বুঝতো না। হঠাৎ করে এমন ঘটনা ঘটলো। আমরা সঠিক বিচার চাই।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দোয়ারাবাজার, গরুর ধান খাওয়া, সংঘর্ষ, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ