সুনামগঞ্জে আগাম বন্যার আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার নির্দেশ
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জে সম্ভাব্য আগাম বন্যার আশঙ্কায় কৃষকদের দ্রুত বোরো ধান কাটার নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
মঙ্গলবার (২১ এপ্রিল) জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষ করে সুনামগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বাউলাইসহ অন্যান্য নদীর উজান অববাহিকায় বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে পানি সমতল আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে যেকোনো সময় আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এছাড়া হাওরাঞ্চলের অভ্যন্তরে বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে বলে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে বোরো ফসলের ক্ষতি কমাতে যেসব জমির প্রায় ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের জন্য কৃষকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, সময়মতো ধান কাটতে পারলে সম্ভাব্য বন্যাজনিত ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে।
সুনামগঞ্জ, ধান কাটার নির্দেশ, পানি উন্নয়ন বোর্ড, আগাম বন্যা