১৬ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

ব্র্যাকের সমন্বয় সভা: প্রবাসীদের প্রতি মানবিক আচরণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০২৬ ৭:১২ অপরাহ্ন


বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বিমানবন্দরসহ সর্বত্র তাঁদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিমানবন্দরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সমন্বিত সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সিলেট অঞ্চল থেকে অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ নিয়েও আলোচনা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সব মহলকে একযোগে কাজ করার তাগিদ দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. হাফিজ আহমেদ বলেন, অভিবাসীদের কল্যাণে ব্র্যাকের কার্যক্রম প্রশংসনীয়। তবে এসব উদ্যোগকে শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ না রেখে দেশের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে, যাতে বিদেশফেরত অসহায় অভিবাসীরা সহজে প্রয়োজনীয় সেবা পান। তিনি সিলেট অঞ্চল থেকে অনিয়মিত অভিবাসন রোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সরওয়ার আলম বলেন, অভিবাসী শ্রমিকরা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখলেও তাঁদের প্রাপ্য সহায়তা অনেক সময় নিশ্চিত করা যায় না। বিদেশফেরতদের প্রতি ন্যূনতম মানবিক আচরণও তাঁদের জন্য বড় স্বস্তির বিষয় হতে পারে।

ইমিগ্রেশন পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, প্রবাসীদের প্রতি ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে সেবা দিতে হবে। অন্যদিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার জনি লাল দেব সবাইকে নিয়ম মেনে বিদেশ যাওয়ার আহ্বান জানান।

সিলেট জেলা জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুস সাকিব বলেন, সরকারের নানা উদ্যোগ থাকলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরিফুল ইসলাম হাসান। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি সিলেটেও বিদেশফেরতদের জন্য জরুরি সহায়তা কার্যক্রম চালু রয়েছে। তাঁদের পুনর্বাসনে কাউন্সেলিং ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে বিদেশে যাওয়ার প্রবণতা সিলেট অঞ্চলে বেড়েছে, যা উদ্বেগজনক। এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিবাসন বন্ধে সবাইকে সচেতন ও সক্রিয় হতে হবে, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ব্র্যাক, সভা, প্রবাসী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ