১৭ মে ২০২৬

অনিয়ম-দুর্নীতি

রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টায় ভারতীয় ট্রাকচালক আটক, ট্রাক জব্দ

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ৯ মার্চ, ২০২৬ ১:০০ অপরাহ্ন


সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর এলাকায় ভারতীয় মুদ্রা রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টার অভিযোগে এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর পাথরবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। পরে মুচলেকা নিয়ে চালককে ছেড়ে দেওয়া হয়েছে।

৫২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, শনিবার (৭ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তসংলগ্ন দুবাগ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় ট্রাকচালক নিখিল দাস (৪৫) রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং তার ট্রাকটি জব্দ করা হয়। আটক নিখিল দাস ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জলধর দাস।

বিজিবি জানায়, পাথরবোঝাই ট্রাকটি শেওলা আইসিপি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পাথর খালাস করে। পরে ভারতে ফেরার পথে জ্বালানি সংকটে পড়লে চালক সীমান্তসংলগ্ন দুবাগ বাজারের ‘নাদিয়া স্টোর’ নামের একটি দোকান থেকে ভারতীয় রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ওই চালককে ছেড়ে দেওয়া হয়। রোববার (৮ মার্চ) বিজিবির কাছে জব্দ থাকা ট্রাকটি ছাড়িয়ে নেন নিখিল দাস।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, 'সীমান্তের ওপারে বাংলাদেশের তুলনায় জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় পাচারের ঝুকি থাকে। এ কারণে সীমান্ত এলাকায় বিজিবি কড়া নজরদারি রাখছে। প্রতিদিন শেওলা স্থলবন্দর দিয়ে তিন শতাধিক ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এসব ট্রাকের বাংলাদেশ থেকে জ্বালানি তেল কেনার নিয়ম নেই। কেউ এ ধরনের চেষ্টা করলে বিজিবি কঠোর ব্যবস্থা নেবে।'


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

বিয়ানীবাজার, শেওলা স্থলবন্দর, বিজিবি অভিযান, ভারতীয় ট্রাকচালক আটক, ডিজেল পাচার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ