০৫ মার্চ ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

বয়স ৯০, লাঠিতে ভর দিয়ে কেন্দ্রে এসে দিলেন ভোট

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:১৮ অপরাহ্ন


বয়সের ভারে সোজা হয়ে দাঁড়াতে পারেন না। হাঁটতেও কষ্ট হয়। তবু পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাঠিভর করে অন্যের সহায়তায় ভোটকেন্দ্রে হাজির হয়েছেন মোবারক মিয়া (৯০)। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকালে তাকে দেখা যায়।


নানান শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভোট দিতে আসার কারণ জানতে চাইলে মোবারক মিয়া বলেন, একেবারেই হাঁটতে পারি না। অনেক কষ্ট করে ভোট দিতে এসেছি। জীবনে অনেকবার ভোট দিয়েছি। এবারও এলাম। এইটা হয়তো জীবনের শেষ ভোট হতে পারে। যদি বেঁচে থাকি, তাহলে আবার ভোট দেব।



তিনি আরও বলেন, “আগের প্রতিটি ভোটে অনেক উৎসাহ নিয়ে অংশ নিয়েছি। এখন হাঁটতে পারি না, কানেও কম শুনি। তারপরও ঘরে বসে থাকতে মন চায়নি। কোনো ঝামেলা ছাড়াই ভোট শেষ হলে ভালো।”


কেন্দ্র সূত্রে জানা গেছে, সিদ্ধেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৫৭ জন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “সকালের প্রথম দুই ঘণ্টায় প্রায় ৩০০টি ভোট পড়েছে। শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে।”


এদিকে বয়স ও অসুস্থতাকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগে মোবারক মিয়ার উপস্থিতি কেন্দ্রে আসা অন্য ভোটারদেরও অনুপ্রাণিত করেছে বলে জানান স্থানীয়রা।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

বয়স ৯০, লাঠিতে ভর, মৌলভীবাজার, কমলগঞ্জ, নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ