
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের শরিষপুর গ্রামে এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গ্রামের মৃত মারফত আলীর ছেলে সুমন মিয়ার বসতঘরে এই চুরির ঘটনাটি ঘটে।
এদিকে চুরির ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মনে রহস্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন মিয়া বিশ্বনাথ জোনালে ‘প্রাণ’-এর ডিলারশিপ ব্যবসার করেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার স্ত্রী সেলিনা বেগম ঘরের গ্রিলের তালা লাগিয়ে পাশে বাসায় বেড়াতে যান। এ সময় সুমন মিয়া তার কর্মস্থলে ডিউটিরত ছিলেন।
পরে রাত ৮টার দিকে সেলিনা বেগম বাসায় ফিরে দেখেন চোরেরা কলাপসিবল (ক্যাচিগেইট) গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৩০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণ এবং ২ ভরি রূপা লুটে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে চুরির বিষয়টি তিনি তার স্বামী সুমন মিয়াকে জানান। এরপর সুমন ‘৯৯৯’-এ কল করে সাহায্য চান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্বনাথ থানার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
বিশ্বনাথ, চুরি, সিলেট


