সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
২২ জানুয়ারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভা
প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট থেকেই নির্বাচনী সমাবেশ শুরু করবেন। ২১ জানুয়ারি (বুধবার) রাতে তিনি সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন।
তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।
বিএনপি জানায়, মাজার জিয়ারতের পর বিএনপির চেয়ারম্যান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এর মধ্যে সিলেটের সমাবেশে সুনামগঞ্জ জেলার নেতা-কর্মীরাও অংশ নেবেন।
হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সব সময় নির্বাচনী প্রচারণা শুরু করতেন। ঐতিহ্যগতভাবে এবারও বিএনপি সেই ধারাবাহিকতা বজায় রাখছে।
স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। এই সফরের মধ্য দিয়েই তিনি নির্বাচনী প্রচারকাজের সূচনা করবেন।
সূত্র জানায়, ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পরের দিন ২২ জানুয়ারি মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেটে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো প্রস্তুতি শুরু করেছে। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী প্রচারণাকেন্দ্রিক এই জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিলেট, নির্বাচনী সমাবেশ, তারেক রহমান