০৫ মার্চ ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

১৭ বছর অবহেলায় ছিল তিন উপজেলা : আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ ডিসেম্বর, ২০২৫ ১:৩৯ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক
সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিজয়ের মাসে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। গণতন্ত্রের প্রতীক দেশমাতা বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় আছেন তিনি যেন সুস্থ হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করতে পারেন, এটাই কোটি মানুষের প্রার্থনা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, গত ১৭ বছর তিন উপজেলার মানুষ অবহেলা–বঞ্চনার শিকার হয়েছেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট, রাস্তাঘাটসবখানে অবহেলা। চারদিকে শুধু গর্ত আর দুরবস্থা। বিএনপি সরকার গঠন করতে পারলে এক বছরের মধ্যেই এলাকার চিত্র বদলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ১৮ বছর পরে বিএনপির নেতারা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছেন। মানুষ ভোট দেওয়ার অধিকার ভুলে গেছে। এখন তফসিল ঘোষণার পর নতুন করে মানুষের কাছে যেতে হবে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে ভোটারদের কেন্দ্রে আনতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান এবিএম জাকারিয়া প্রমুখ।

সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ সিরাজ উদ্দিন তেরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মছদ্দর আলীর পরিচালনায় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজমল আলী। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুস শাকুর।

এ ছাড়া সন্ধ্যার পর কুমারপাড়ার বাসভবনে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়ন-গ্রামে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ১৭ বছর যারা ভোট দিতে পারেননি, নতুন ভোটারদের ভোটকেন্দ্রে আনতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় জেলা ছাত্রদলের শীর্ষ নেতাদের পাশাপাশি তিন উপজেলার ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, আরিফুল হক চৌধুরী, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ