৩০ মে ২০২৬

দৈনন্দিন / দিবস

জিয়ার শাহাদাৎবার্ষিকীতে একাত্তরের মার্চের সেই ভাষণের কথা স্মরণ করল ভারত

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩০ মে, ২০২৬ ২:০৯ অপরাহ্ন


শহীদ রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে তার ১৯৭১ সালের ঐতিহাসিক বেতার ভাষণের কথা স্মরণ করেছে ভারত।


শনিবার সকালে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজি ভাষায় দেওয়া এক বার্তায় জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় তার দেওয়া সেই বহুল আলোচিত বেতার ঘোষণার গুরুত্বও তুলে ধরা হয়।


বার্তায় বলা হয়, বাংলাদেশের মানুষ যখন বীর উত্তম জিয়াউর রহমানকে স্মরণ করছে, তখন ভারতও ১৯৭১ সালের সেই ঐতিহাসিক মুহূর্তের কথা স্মরণ করছে, যখন তার কণ্ঠে উচ্চারিত বেতার ভাষণ মানুষকে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। ভাষণটি নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং জাতীয় মুক্তির আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলেও উল্লেখ করা হয়।


ভারতীয় হাইকমিশন তাদের বার্তায় আরও বলে, মুক্তিযুদ্ধের সময় যেমন দুই দেশের মানুষের মধ্যে আত্মত্যাগ ও সহযোগিতার এক অনন্য বন্ধন গড়ে উঠেছিল, সেই সম্পর্ক আজও বহমান। বাংলাদেশ ও ভারতের জনগণের অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় ভারত পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তী রাষ্ট্রগঠনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। তার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ