
দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ফ্রিজ। মরদেহ সংরক্ষনের জন্য দুটি ফ্রিজ থাকলেও কার্যত একটিও সচল নেই। এ অবস্থায় মরদেহগুলো সঠিকভাবে সংরক্ষন করা সম্ভব হচ্ছে না।
এতে করে একদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে তৈরি হচ্ছে গুরুতর স্বাস্থ্যঝুঁকি। এছাড়াও ফরেনসিক বিশ্লেষণে জটিলতা সৃষ্টি সম্ভাবনাও রয়েছে।
হাসপাতালের মর্গের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মর্গে দুটি ফ্রিজে একসঙ্গে ১৬টি মরদেহ সংরক্ষণ করা যেত। এর মধ্যে একটি ফ্রিজে ১২টি ও অন্যটিতে ৪টি মরদেহ রাখার সুবিধা ছিল। বর্তমানে একটি ফ্রিজ পুরোপুরি অকেজো, আরেকটিতে কেবল দুটি মরদেহ রাখা সম্ভব হচ্ছে।
অন্যদিকে ময়নাতদন্ত কক্ষের অবস্থাও শোচনীয়। সেখানে থাকা তিনটি মরদেহ সংরক্ষণের ফ্রিজও কয়েক মাস ধরে সম্পূর্ণ বিকল। ফলে প্রতিদিন মর্গে আসা মরদেহগুলো দ্রুত পচে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ হাসপাতালের আশপাশেও।
মর্গের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক দিন ধরে ফ্রিজগুলোর গ্যাস লিক ও যান্ত্রিক ত্রুটি রয়েছে। মাঝে মাঝে টেকনিশিয়ান এনে চালু করা হলেও কিছুদিন পরই আবার বন্ধ হয়ে যায়। এখন অনেক সময় মরদেহ ট্রলিতেই রাখতে হয়।
এ বিষয়ে হাসপাতালের হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যে রোগীরা মারা যায়, তাদের জন্য এই ফ্রিজ ব্যবহার করা হয়। বাইরের রোগীদের জন্য সিটি করপোরেশন ও ডায়াবেটিস হাসপাতালের ফ্রিজ আছে। সেখানেও রাখতে পারবেন।
তিনি আরও বলেন, আমরা ৬ মাস আগে চাহিদা দিয়েছি। আরও বছর খানেক লাগবে। কারণ এটা কিনতে একটা প্রক্রিয়া লাগে। যার কারণে সময় লাগবে।
শেয়ার করুনঃ
অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন
সিলেট, ওসমানী মেডিকেল, হাসপাতাল, মর্গ ফ্রিজ


