২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

সিলেটজুড়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রমিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ মে, ২০২৫ ৯:৪১ অপরাহ্ন


আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। দিনটি উপলক্ষে সিলেট বিভাগের সকল জেলায় বিভিন্ন মিছিল, সভা-সমাবেশ, র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করেন নানা পেশার শ্রমিকরা। প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় সিলেটের সর্বত্র পালিত হয়েছে শ্রমিক দিবস-২০২৫। 

দিবসটি উপলক্ষে শহরে বসবাসরত নির্মাণ শ্রমিক, দিনমজুর, নারী ও পুরুষ চা শ্রমিক সবাই মিলে মিছিল ও র‍্যালির আয়োজন করেন সিলেটের পেশাজীবী শ্রমিকরা। সরেজমিনে নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ছোট-ছোট দলে ভাগ হয়ে নগরীর বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করছেন শ্রমিকরা। এ সময় নানা স্লোগান দিতে শুনা যায় তাদেরকে।  

গীতা মুন্ডা নামে এক চা শ্রমিক জানান, চা শ্রমিকরা দেশের অন্যান্য শ্রমিকদের তুলনায় অনেক কম মজুরিতে কাজ করেন। কিন্তু সপ্তাহ শেষে এই মজুরিটাও ঠিকঠাক পান না তারা। এমনকি, চা শ্রমিকদের মজুরি যেমন কম থাকার জায়গা, খাবার , চিকিৎসার সুবিধাও তেমনি কম। তাই শ্রমিক দিবসে তার দাবি, সকল চা শ্রমিকদের অধিকার যেন যথাযথভাবে নিশ্চিত করা হয়।' 

'শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মাধ্যমে মে দিবস উদ্‌যাপন করা হয়েছে মৌলভীবাজারেও। শ্রীমঙ্গল উপজেলায় বাস-মিনিবাস, পিকআপ, কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, রিকশা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে আলোচনা সভায় রূপ নেয়।

এদিকে, পিছিয়ে নেই সুনামগঞ্জও। দিবসকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন আয়োজনে ব্যস্ত জেলা প্রশাসনসহ বিভিন্ন উপজেলা। জেলার দিরাই, শাল্লা, জগন্নাথপুর, ছাতকসহ বিভিন্ন উপজেলায় প্রশাসন বিভিন্ন সংগঠন ও শ্রমিকদের সমন্বয়ে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।  সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, ভাতা-বেতন ও বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করা হয়। 

অন্যদিকে, হবিগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস ২০২৫। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। এছাড়া শ্রমিকদের সঙ্গে সহমর্মিতা জানিয়ে বিভিন্ন উপজেলা সদরেও করা হয়েছে সভা-সমাবেশ। 


উল্লেখ্য, ১৮৮৬ সালের ১লা মে শ্রমিকের কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ধর্মঘট করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এরপর থেকেই বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক শ্রমিক দিবস' হিসেবে পালিত হয়ে আসছে দিনটি।


[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, সিলেট ভয়েসের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রতিনিধিরা]


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রমিক দিবস ২০২৫, আন্তর্জাতিক মে দিবস সিলেট, চা শ্রমিক অধিকার,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ