০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

‘যৌতুক মামলায়’ স্বামীর খালাস, স্ত্রীর হামলায় আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৫ ৭:০০ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে আদালত চত্বরে যৌতুক নিরোধ মামলায় স্বামীর খালাসের রায়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রীর হামলায় আসামিপক্ষের দুজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ওই নারী ও তার ভাইকে আটক করেছে। 

 

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মূখ্য বিচারিক হাকিম আদালত ভবনে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, বিশ্বনাথ থানার যৌতুক নিরোধ আইনে করা মামলায় আসামি ওসমানীনগর উপজেলার মোবারকপুর এলাকার আব্দুস শুকুর (৪০) আদালত থেকে খালাস পান। রায় ঘোষণার পর বাদী ও শুকুরের স্ত্রী নুরজাহান বেগম (৩৮) ক্ষুব্ধ হয়ে আদালতের ছয়তলা থেকে দৌড়ে নামেন এবং তৃতীয় তলায় এসে আসামিপক্ষের ওপর চাকু ও হাতুড়ি নিয়ে হামলা চালান। তার সঙ্গে ছিলেন ছোট ভাই মনজাম মিয়া (২৮)।

 

এতে আসামিপক্ষের জামাল উদ্দিন (৫৭) ও সাদিকুর রহমান (২৯) গুরুতর আহত হন। তারা দৌড়ে আদালতের আরেকটি এজলাসে আশ্রয় নেন। আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ ও আইনজীবীরা হামলাকারী নুরজাহান ও তার ভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাদের কাছ থেকে একটি চাকু, হাতুড়ি ও সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

 

এ ঘটনার পর আদালত প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

 

সিলেট মহানগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘আসামির খালাসের রায়ে ক্ষুব্ধ হয়ে বাদী আদালত প্রাঙ্গণে হামলা চালান। এতে আসামিপক্ষের দুইজন আহত হয়েছেন। আমরা হামলাকারী নারী ও তার ভাইকে আটক করেছি।’

 

তিনি আরও জানান, ‘এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

যৌতুক মামলা, স্বামীর খালাস, স্ত্রীর হামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ