০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

ছাতকে চোরাকারবারি হামলায় ২ পুলিশ সদস্য গুরুতর আহত, গ্রেপ্তার ৬

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতক উপজেলায় চোরাকারবারি শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নিয়মিত মামলার এক আসামিকে ধরতে ছাতক উপজেলার টেঙ্গারগাঁও গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় শাহিনের ভাই জয়নাল মিয়া ফেসবুক লাইভে এসে পুলিশের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন। কিছুক্ষণ পর শাহিনের নেতৃত্বে জয়নাল, তার ভাই আক্তার, মিলন, সাইমনসহ আরও কয়েকজন পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সাইমন হাতে থাকা দা দিয়ে এএসআই সাহাব উদ্দিন ও কনস্টেবল মোস্তাক আহমদকে কুপিয়ে গুরুতর আহত করে।

পুলিশ জানায়, আহত দুইজন হলেন, ছাতক থানার এএসআই সাহাব উদ্দিন এবং কনস্টেবল মোস্তাক আহমদ। তাদের প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কনস্টেবল মোস্তাককে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে স্থানান্তর করা হয়।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতেই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তারা হলেন, জয়নাল মিয়া (৩২), আক্তার মিয়া (২৭), মিলন মিয়া (২৫), সাইমন মিয়া (২২), আলতাফ মিয়া (৬০) ও মোস্তাকিন (২২)। সবাই ছাতক পৌরসভার টেঙ্গারগাঁও গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শাহিন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানসহ নানা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগে চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশ করায় তিনি দুই সাংবাদিককে হত্যার হুমকিও দিয়েছিলেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, “চোরাকারবারি শাহিনের নেতৃত্বে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ছয়জনকে থানায় আনা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।”


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, হামলা, পুলিশ, ছাতক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ