০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

জগন্নাথপুরে প্রবাসীর জায়গা জবরদখলের চেষ্টা, আতঙ্কে পরিবার

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামে এক প্রবাসীর বৈধ মালিকানাধীন জায়গা দখলের পাঁয়তারা করছে একটি প্রভাবশালী ভূমিখেকো চক্র। এ নিয়ে থানায় অভিযোগ, আদালতে মামলা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও এখনও সঠিক প্রতিকার পায়নি ভুক্তভোগী ওই পরিবার। 


এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন লন্ডন প্রবাসী হাজী ফারুক আলীর পরিবারের সদস্যরা।

 

ভূমি অফিসের নথি অনুযায়ী, ২০১৮ সালের ১ অক্টোবর ছোট ভাই আব্দুল ওয়াহিদের কাছ থেকে ১৪ শতক জমি ক্রয় করেন প্রবাসী ফারুক আলী। পরবর্তীতে তিনি নিজের নামে নামজারি করে জমি দখলে নেন এবং সেখানে সীমানা প্রাচীরসহ বাড়িঘর নির্মাণ করেন। 

 

অভিযোগ রয়েছে, হবিবপুর গ্রামের মৃত আবুল আলমের ছেলে আনোয়ার হোসেন ও তার সহযোগীরা রাতারাতি লোকজন নিয়ে ওই জমি দখলের চেষ্টা করে। ইতিমধ্যে এ নিয়ে প্রবাসীর কেয়ারটেকার আলী আহমদ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে আদালতে মামলা দায়ের করলে আদালত ১৪৪ ধারা জারি করে পুলিশকে নোটিশ দিতে নির্দেশ দেন। জগন্নাথপুর থানার এসআই একলাছুর রহমান আদালতের আদেশ অনুযায়ী বিবাদী পক্ষকে নোটিশ জারি করেছেন।

 

সরেজমিনে দেখা যায়, জমিটির চারপাশে সীমানা পিলার বসানো রয়েছে এবং প্রবাসী ফারুক আলীর দখলেই রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, আনোয়ার মিয়া রাতের অন্ধকারে মাটি ফেলে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

কেয়ারটেকার আলী আহমদ বলেন, আমাদের পুরুষ মানুষ বলতে কেউ নেই। দীর্ঘদিন ধরে লন্ডনে থাকা ফারুক মিয়ার বৈধ জমি আমরা ভোগদখল করে আসছি। অথচ একটি ভূমিখেকো চক্র জোর করে জমি দখল করতে চাইছে। আদালতের আদেশ ও পুলিশের নোটিশকেও তারা পাত্তা দিচ্ছে না। আমরা খুবই আতঙ্কে আছি।’ 

 

গ্রামের জুবের আহমেদ জানান, এই জায়গার মূল মালিক প্রবাসী ফারুক আলী। তিনি তার ছোট ভাইয়ের এর কাছ থেকে এই জায়গা ক্রয় করেছেন। বিষয়টি গ্রামের সবাই অবগত আছেন। 

 

দলিল বিক্রেতা আব্দুল ওয়াহিদ বলেন, ‘আমি আমার বড় ভাই লন্ডন প্রবাসী ফারুক আলীকে ১৪ শতক লায়েক পতিত বোরো বিট বিক্রি করি।

 

 এ বিষয়ে জানতে একাধিকবার বিবাদী পক্ষের তাজনুর আহমেদের সাথে মুঠুফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি। 

 

প্রবাসী ফারুক আলী লন্ডন থেকে ফোনে বলেন, ‘আমি বৈধভাবে জমি ক্রয় করেছি, খাজনাও পরিশোধ করেছি। তারপরও আনোয়ার বাহিনী আমার জমি দখল করতে চাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।’

 

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ জানান, ‘প্রবাসীর পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। জমি সংক্রান্ত বিরোধ আদালত ও ভূমি অফিস দেখবে। তবে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় পক্ষকে সতর্ক করেছি।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, ভূমি দখল, প্রবাসী হয়রানী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ